কর্মচারীকে মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম
কর্মচারীকে মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগ ওঠার পর রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত নেয়।


স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফজলে রাব্বীকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করার কথা জানানো হয়েছে।


কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট জেলা পরিষদের ডাকবাংলোয় নিজের আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধর করেন ফজলে রাব্বী। ভুক্তভোগী দুই কর্মচারী এমন অভিযোগ করেন।


ঘটনার প্রতিবাদে ওই দিন দুপুর থেকে কর্মবিরতিতে যান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অভিযুক্ত সিইওকে অপসারণ না করা পর্যন্ত তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। এতে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।


পরে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন তিনি স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান।


জেলা প্রশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মাথায় ফজলে রাব্বীকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগ। তাঁকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।



এমকে/বিএম২৪