কুড়িগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ১৯৮৬ বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
কুড়িগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ১৯৮৬ বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ’৮৬ বন্ধুদের মিলনমেলা। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাঁচ শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।


শুক্রবার (৬ নভেম্বর) কুড়িগ্রাম টাউন হল অডিটোরিয়াম চত্বরে এ মিলনমেলার আয়োজন করা হয়। ১৯৮৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও নিবন্ধিত পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।


এসএসসি ’৮৬ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।


অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন এসএসসি ’৮৬ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী সিরাজুল ইসলাম, সহসভাপতি গাজী কামাল, বসুন্ধরা জোনের সভাপতি শওকত সরোয়ার হোসেন এবং সাংবাদিক, লেখক ও কলামিস্ট ফসিউদ্দিন মাহতাব।


অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি ’৮৬-এর বন্ধু আব্দুল ওয়াদুদ ও নাসরিন নাহার পাপড়ি। স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক এরশাদুল হক।


দিনব্যাপী এ আয়োজনে রাজধানী ঢাকার বিভিন্ন জোন ছাড়াও গাজীপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, রংপুর ও স্বাগতিক কুড়িগ্রাম জেলার বন্ধুরা অংশ নেন। তাঁদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে টাউন হল চত্বর।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিলনমেলার কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বন্ধু পরিচিতি পর্ব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ার এ আয়োজন সবার মধ্যে আনন্দ ও স্মৃতিচারণের পরিবেশ তৈরি করে।


এমকে/বিএম২৪