কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রশক্তির

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রশক্তির

সংগৃহীত

কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।


সোমবার (৯ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক সংগঠনের ব্যক্তিগত কর্তৃত্ব প্রতিষ্ঠার জায়গা নয়। এটি জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক সহাবস্থানের প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, আপগ্রেডেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে যে হুমকিসূচক বক্তব্য দেওয়া হয়েছে, তা নিন্দনীয়।


এতে আরও বলা হয়, কোনো ঐচ্ছিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া বা না হওয়া সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। এর সঙ্গে কারও পেশাগত দায়িত্ব, পদোন্নতি কিংবা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধাকে যুক্ত করার অধিকার কোনো ছাত্রসংগঠনের নেই। এসব সুযোগ-সুবিধা কারও অনুগ্রহ নয়, বরং সংশ্লিষ্টদের প্রাতিষ্ঠানিক অধিকার।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্ররাজনীতির শক্তি হুমকি, ভয়ভীতি কিংবা ক্ষমতার দাপটে নয়; বরং অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ এবং সবার মর্যাদা রক্ষার মধ্যেই নিহিত।


এ সময় ছাত্রদল আহ্বায়কের বক্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানায় জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।


উল্লেখ্য, গত ৮ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি কিংবা অন্য কোনো সুযোগ-সুবিধা নিতে এলে তাদের মনে রাখা হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।


এ সময় তিনি বলেন, ‘যারা জাতীয় দিবসকে অবহেলা করে, তাদের আমরা মনে রাখব। ভিসি স্যারের কাছে পদোন্নতি কিংবা অন্য কোনো সুবিধার জন্য গেলেও তাদের মনে রাখব।’


এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, জাতীয় দিবসের অনুষ্ঠানে সবার উপস্থিত থাকা উচিত ছিল। কিন্তু সেখানে উপস্থিতির সংখ্যা খুবই কম ছিল। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কারা প্রশাসনের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের ডাকে সাড়া দেয় না, তা স্মরণ করিয়ে দিতেই তিনি মনে রাখার কথা বলেছেন। এতে নেতিবাচক কিছু নেই বলেও দাবি করেন তিনি।


তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে যাদের আপত্তি রয়েছে, তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোক এবং নিজেদের এজেন্ডা নিয়ে কাজ করছেন।


এমকে/বিএম২৪