কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত
সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিতে উৎপাদিত কুটিরশিল্পের পণ্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূত। এসব পণ্য নিজ নিজ দেশে নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এগুলো সংগ্রহের আগ্রহও জানিয়েছেন তাঁরা।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে এসে বিভিন্ন পণ্য ঘুরে দেখেন।
উষ্ণ অভ্যর্থনা ও একাডেমি পরিদর্শন
একাডেমিতে পৌঁছালে চার দেশের রাষ্ট্রদূতদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে তাঁরা একাডেমির হস্ত ও কুটিরশিল্প বিভাগ, গার্মেন্টস বিভাগ এবং প্রান্তিক শক্তি ও ওয়েল্ডিং বিভাগসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমিতে উৎপাদিত পণ্যের মান ও উৎপাদন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে এসব পণ্য নিজ নিজ দেশে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা।
দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আগ্রহ
পরিদর্শন শেষে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে একটি আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় মহাপরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় আনসার-ভিডিপি একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এসব পণ্যের চাহিদা ও আগ্রহ বাড়ছে।
তিনি আরও জানান, সফরকারী চার দেশের রাষ্ট্রদূত একাডেমিতে উৎপাদিত কুটিরশিল্পের পণ্য নিজ নিজ দেশে নেওয়ার জন্য দ্বিপাক্ষিক চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছেন।
একাডেমির জনসংযোগ কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূতেরা একাডেমিতে পৌঁছান। এ সময় তাঁরা আনসার-ভিডিপির বিভিন্ন কার্যক্রম ও উৎপাদনমুখী উদ্যোগ সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে চার দেশের রাষ্ট্রদূত ছাড়াও আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য এবং দেশি-বিদেশি সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









