কক্সবাজারে পিআইবির উদ্যোগে ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
কক্সবাজারে পিআইবির উদ্যোগে ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সূত্রঃ সংগৃহীত

নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি


পর্যটন নগরী কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনে কক্সবাজারে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী সেশন সম্পন্ন হয়।


সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।


বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর।


সমগ্র কর্মশালার সমন্বয় ও শুভেচ্ছা বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।


গত ৩০ আগস্ট শুরু হওয়া এ নিবিড় প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজারে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন শিক্ষক ও প্রযুক্তি বিশেষজ্ঞ ড. জামিল খান, পিআইবির প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং ফ্যাক্টচেকার রিদওয়ানুল ইসলাম।


কর্মশালায় সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও ব্যবহারিক দিক শেখানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এআই টুলস, প্রম্পট লেখার কৌশল, নোটবুকএলএলএম, গুগল ট্রেন্ডস এবং এআই ব্যবহার করে সংবাদভিত্তিক ছবি ও ভিডিও তৈরি।


এ ছাড়া সাইবার ও ডিজিটাল নিরাপত্তার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল গণমাধ্যম সাক্ষরতা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, অ্যাকাউন্টের নিরাপত্তা এবং ডাটা ব্যাকআপ ও রিকভারি। পাশাপাশি ভুয়া তথ্য, ছবি ও ভিডিও যাচাইয়ের আধুনিক পদ্ধতি, ডিপফেক শনাক্তকরণ এবং এআই ব্যবহারের ক্ষেত্রে সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা নিয়েও আলোচনা করা হয়।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করছে, তেমনি গুজবের বিস্তারও বাড়াচ্ছে। এ অবস্থায় বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখতে ফ্যাক্ট চেকিং এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন একান্ত জরুরি।


তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের আমলে মানুষকে গুম করার আগে সংবাদ গুম করা হতো। অন্তত সেটাও এখন রক্ষা পেয়েছে।’


‘সরকার ও রাষ্ট্রকে ব্যর্থ দেখাতে সরকারবিরোধীরা বিভিন্নভাবে এআইয়ের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এআই দিয়ে যেমন অপপ্রচার ছড়ানো যায়, তেমনি ভালো কাজও করা যায়।’


তিনি বলেন, ‘প্রযুক্তির এই যুগে একদিন হয়তো প্রিন্ট মিডিয়া থাকবে না। তখনও গণমাধ্যম থাকবে, এআই থাকবে।’


সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম হেলালী পিআইবির মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সাংবাদিকদের জন্য কক্সবাজারে আরও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


পরে কর্মশালায় অংশগ্রহণকারী সব সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।



এমকে/বিএম২৪