ওয়ালটনের সৌরবিদ্যুতে চলছে শিল্পকারখানার বড় অংশের কার্যক্রম, মডেলটি ছড়িয়ে দেওয়ার আহ্বান ডিসির
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে শিল্পকারখানার বিদ্যুৎ চাহিদার বড় অংশ পূরণ করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে প্রতিষ্ঠানটির নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত হচ্ছে ৩২ মেগাওয়াট বিদ্যুৎ।
শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ওয়ালটনের এ উদ্যোগ দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও অনুসরণের আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে জেলা প্রশাসক সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের প্রশংসা করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কারখানা প্রাঙ্গণের বিভিন্ন ভবনের ছাদ, শ্রমিকদের চলাচলের পথের ওপর নির্মিত শেড এবং লেক ও পুকুরে ভাসমান সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর মাধ্যমে শিল্পপার্কের বিদ্যুৎ চাহিদার বড় অংশ নিজস্ব ব্যবস্থায় পূরণ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।
২০২২ সালে শুরু হওয়া এ সৌরবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন করে আরও ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ এগিয়ে চলছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শিল্পকারখানাগুলো ওয়ালটনের মতো নিজস্ব উদ্যোগে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে এলে জাতীয় গ্রিডের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। গাজীপুরের পাশাপাশি দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও এ ধরনের টেকসই উদ্যোগ অনুসরণ করা প্রয়োজন। এতে শিল্পকারখানার বিদ্যুৎ চাহিদা পূরণ সহজ হবে।
সংশ্লিষ্টদের মতে, শিল্পকারখানায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য অনুসরণযোগ্য উদাহরণ হতে পারে।
এমকে/বিএম২৪









