আশুলিয়ার জামগড়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পিএম
আশুলিয়ার জামগড়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সূত্রঃ সংগৃহীত

ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার


সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।


স্থানীয়দের দাবি, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয়রা জানান, আগুন লাগার পর কারখানার ভেতর থেকে কিছুক্ষণ পরপর বিকট শব্দ শোনা যাচ্ছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। 


বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে কি না এবং কারখানার ভেতর থেকে পরপর বিকট শব্দের কারণ কী—এসব বিষয় তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।