আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) ৮ম ও নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নতুন দায়িত্বের কার্যক্রম শুরু করেন।নতুন উপাচার্যকে বরণ করতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী , দপ্তর প্রধান ও কর্মকর্তারা।
এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পাওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জানা যায় , অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ মে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।এর পূর্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই দায়িত্বে বহাল ছিলেন।









