আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতনামা (আনুমানিক বয়স ৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে আখাউড়া থানাধীন কেন্দেুয়াই ইটভাটার রাস্তার দক্ষিণ পার্শ্বস্থ শামিম মিয়ার রড-সিমেন্টের দোকানের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠায়।

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। শরীর থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে অনেকেই তার কাছে যেতে পারতেন না। এলাকাবাসীর কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রোববার সকাল ৭টার মধ্যে কোনো এক সময়ে অসুস্থতাজনিত বা অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির মুখে দাঁড়ি ছিল। পরনে ছিল ফুলহাতা শার্ট, শীতের সোয়েটার ও জিন্স প্যান্ট। তার বাম হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশ পচনশীল অবস্থায় পাওয়া গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই-বাছাই করেছে; তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-কে অবহিত করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।