আওয়ামী লীগের দুর্নীতিতে জ্বালানি সংকট, পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সংগৃহীত
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ, অতীত সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে পঞ্চগড়ে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বাজারের প্রধান সড়কগুলোতে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকের নেতৃত্বে এ কর্মসূচিতে পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুজ্জামান মানিক অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অপরিকল্পিত সিদ্ধান্ত, দুর্নীতি ও অপচয়ের কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সংকটে পড়ে। তিনি বলেন, কাগজে-কলমে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট দেখানো হলেও জ্বালানি ও অর্থের অভাবে বাস্তবে এর অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। অন্যদিকে, ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, যার চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।
তিনি আরও অভিযোগ করেন, গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমদানিনির্ভরতা বৃদ্ধি এবং সময়মতো ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ না করায় জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে তেল আমদানি, জ্বালানি মজুতের সক্ষমতা বৃদ্ধি এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে দ্বিতীয় শোধনাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মনিরুজ্জামান মানিক বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অতীত পরিস্থিতি এবং বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য জানাতেই তাঁদের এ উদ্যোগ।
বিতরণ করা লিফলেটে ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশের লোডশেডিংয়ের পরিসংখ্যান এবং জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
কর্মসূচিতে জেলা, পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









