যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

সূত্রঃ সংগৃহীত

সাকিবুল ইসলাম;যবিপ্রবি প্রতিনিধি


বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে আয়োজিত ক্যাম্পে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসাসেবা অত্যন্ত উচ্চমানের। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবির সপ্তাহব্যাপী কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষমতা ও চলনক্ষমতা ফিরিয়ে আনা এবং সুস্থ জীবনযাপনে ফিজিওথেরাপিস্টদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এবারের কর্মসূচিতে সঠিক ও নিয়মমাফিক শারীরিক ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো, স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং স্ট্রোক-পরবর্তী রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আধুনিক ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সবাই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সপ্তাহব্যাপী কর্মসূচি

৭ সেপ্টেম্বর (সোমবার): বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্প ও সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন।

৮ সেপ্টেম্বর (মঙ্গলবার): নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস (NDD) বিষয়ে বিশেষ প্যানেল আলোচনা।

৯ সেপ্টেম্বর (বুধবার): বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য মূল অনুষ্ঠান।

১০–১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার–শনিবার): গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ফিজিওথেরাপি ও স্বাস্থ্যসেবা ক্যাম্প।

১৩ সেপ্টেম্বর (রবিবার): প্রতিবন্ধী উন্নয়ন ক্যাম্প পরিদর্শন ও সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপনী।


এমকে/বিএম২৪