নৌপরিবহন কমিটিতে নতুন দায়িত্ব পেলেন জয়নুল আবদিন ফারুক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
নৌপরিবহন কমিটিতে নতুন দায়িত্ব পেলেন জয়নুল আবদিন ফারুক

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক।

রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে থাকবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—বরিশাল-৪ আসনের মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের আব্দুল হান্নান মাসউদ।

জয়নুল আবদিন ফারুক বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ। নোয়াখালী-২ আসন থেকে ছয়বার নির্বাচিত এই সংসদ সদস্য নবম জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন।


এমকে/বিএম২৪