‘সরকারের কাছ থেকে মানুষ আর কোনো অজুহাত শুনতে চায় না’
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জনজীবনের জরুরি সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, নির্বাচিত জনপ্রিয় সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোনো অজুহাত শুনতে চায় না। জনগণের জানমাল ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টারে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সভায় মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে প্রায় ৩০০ যুব প্রতিনিধি অংশ নেন।
সাইফুল হক বলেন, সরকার গঠনের ছয় মাস পার হয়েছে। এখন জনজীবনের জরুরি সংকট সমাধানে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। বেকারত্ব দ্রুত কমানো না গেলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা বাড়তে পারে। দেশের বিশাল যুবশক্তির সম্ভাবনা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া উচিত নয়।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের ক্ষেত্রে নতজানু নীতি অনুসরণ না করার সরকারের ঘোষণাকে স্বাগত জানাই। তবে শুধু ভারতের ক্ষেত্রেই নয়, সব পরাশক্তির সঙ্গে জাতীয় মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পরিচালনা করতে হবে। ভারত সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী অপপ্রচার ও অপতৎপরতা বন্ধ করতে হবে।
জ্বালানি খাতকে বিদেশনির্ভর না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতে জাতীয় সক্ষমতা বাড়াতে হবে। পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাইফুল হক। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় মানুষ এখনো হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশিত পরিবর্তন ও বাস্তব কাজের মাধ্যমে নিজেদের দায়িত্বশীলতার প্রমাণ দিতে হবে। জনগণের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
যুবসমাজের প্রতি অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় যুব সংগঠনগুলোকে আরও সক্রিয়, শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এমকে/বিএম২৪









