রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংকট সমাধানে জাতীয় সংসদে কার্যকর পরামর্শ দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দেওয়া যেতে পারে। তবে একই সঙ্গে সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনাও দিতে হবে। কীভাবে এবং কোন উৎস থেকে গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিরোধী দলের সুস্পষ্ট প্রস্তাব থাকা প্রয়োজন।
তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতান্ত্রিক চর্চার অংশ। তবে সংকট সমাধানে কার্যকর পরামর্শ দেওয়াও তাদের দায়িত্ব।
পরিকল্পিত অচলাবস্থা তৈরি না করে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য আন্তর্জাতিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার অস্থিরতাকেও দায়ী করেন তিনি। তার দাবি, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এটি সরকারের নিজস্ব কোনো কারণে সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, সাংস্কৃতিক পরিবেশনাগুলো আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।
এমকে/বিএম২৪









