মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, বাসদের তীব্র নিন্দা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, বাসদের তীব্র নিন্দা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছে দলটি।


এক বিবৃতিতে বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা এসব দাবি জানান।


বিবৃতিতে মাসুদ রানা বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী ছিলেন মুক্তিযোদ্ধা মানিক পশারী। এ কারণে তাঁর মৃত্যুর পর তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান ও পিরোজপুরে মরদেহ দাফনে বাধা দেন জামায়াতের নেতাকর্মীরা বলে অভিযোগ করেন তিনি।


বাসদের এই নেতা দাবি করেন, মানিক পশারীর দাফনের বিরোধিতা করে আয়োজিত মিছিল, সমাবেশ ও প্রচার-প্রচারণার অধিকাংশের নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ সাবেক শিবির নেতাদের বিরুদ্ধেও এসব কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ তোলেন তিনি।


বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, বাধার কারণে মরদেহ দাফন করা যায়নি, খোঁড়া কবর ভরাট করে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।


মাসুদ রানা বলেন, ‘এটি শুধু একটি ঘৃণ্য ঘটনাই নয়, বরং আইন, মানবিক অধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন।’


মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করার সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির নেতারা এখন কে প্রকৃত মুক্তিযোদ্ধা, তা নির্ধারণের চেষ্টা করছেন। বিষয়টিকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।


স্থানীয় প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক। তাঁর অভিযোগ, জামায়াতের নেতাকর্মীদের বাধার মুখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। একপর্যায়ে গোপনে গার্ড অব অনার দেওয়া হলেও মরদেহ দাফনসহ অন্যান্য বিষয়ে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়নি।


তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মাননা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব। এ ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়।


বিবৃতিতে মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তদন্তেরও আহ্বান জানায় বাসদ (মার্কসবাদী)।