মক্কা চুক্তিতে যোগ দিলে জাতীয় নিরাপত্তায় নতুন দিগন্ত: লেবার পার্টি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম
মক্কা চুক্তিতে যোগ দিলে জাতীয় নিরাপত্তায় নতুন দিগন্ত: লেবার পার্টি

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের পক্ষে অবস্থান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।


শুক্রবার (২৮ আগস্ট) দলটির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত হওয়া উচিত। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তির কারণে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।


তিনি বলেন, চুক্তিটি যদি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, সার্বভৌমত্বের সুরক্ষা এবং মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করে, তাহলে বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাবকেও স্বাগত জানায় দলটি।


নাজমুল ইসলাম তালুকদার বলেন, বাংলাদেশ কারও শত্রু নয়, আবার কারও অধীনস্থও নয়। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়ানো সম্ভব।


তিনি আরও বলেন, মক্কা চুক্তির বিষয়ে অযথা বিভাজন না করে এর শর্ত এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ বিশ্লেষণ করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।


বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত দেশের জনগণের স্বার্থকে বিবেচনায় নিয়েই নেওয়া উচিত উল্লেখ করে তিনি চুক্তিতে যোগদানের বিষয়ে সরকারের দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ কামনা করেন।


এমকে/বিএম২৪