বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস
সূত্রঃ সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই দলটি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। তবে এখনই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না তারা।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘মাত্র ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে নিয়ে অন্যভাবে চিন্তা করতে শুরু করেছে। তবে আমরা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না। আগামীতেও চাই না।’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
সারজিস বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটি গণহত্যা ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ খুনি। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিশাচ। তাই আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না, আগামীতেও করতে চাই না।’
বিএনপিকে ঘিরে জনগণের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক দলকে মূল্যায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং ওই দলের কর্মকাণ্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সভায় এনসিপির নেতা সরোয়ার তুষারসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।









