সিংগাইরে এমপি শান্ত'র উদ্যোগে ঢেউটিন ও চেক বিতরণ

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:৩৩ পিএম
সিংগাইরে এমপি শান্ত'র উদ্যোগে ঢেউটিন ও চেক বিতরণ

সোহরাব হোসেন,   সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার আওতায় গৃহ নির্মাণের জন্য মানিকগঞ্জের সিংগাইরে হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১০ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।

এ সময় পৌর এলাকায় একটি মন্দির ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মঈনুল ইসলাম খান শান্ত বলেন,সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।