মতিহারের সবুজ প্রাঙ্গণে নবীনদের পদচারণা

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:২৭ পিএম
মতিহারের সবুজ প্রাঙ্গণে নবীনদের পদচারণা

মো. স্বাধীন খন্দকার,  রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রতিটা বিভাগ। আজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদসহ সকল বিভাগের উদ্যোগে পৃথকভাবে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মতিহারের চিরচেনা সবুজ প্রাঙ্গণ এক নতুন প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।

সকাল থেকেই রঙিন সাজে সজ্জিত হয়ে ক্যাম্পাসে আসতে শুরু করেন নবীন শিক্ষার্থীরা। ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের আগামীর লক্ষ্য নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবাগত এক শিক্ষার্থী বলেন, স্বপ্নের মতিহারের এই সবুজ চত্বরে পা রাখা আমার জীবনের অন্যতম বড় অর্জন। শিক্ষকদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। আমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের সেবায় অবদান রাখতে চাই। অন্য এক শিক্ষার্থী জানান, দীর্ঘ পরিশ্রমের পর এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রেখে নিয়মিত পড়াশোনার মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছাতে চাই।

উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে এক বিশেষ বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, উচ্চশিক্ষার এই দীর্ঘ পথচলায় শিক্ষার্থীরা জ্ঞানচর্চা এবং মানবিক মূল্যবোধের সংমিশ্রণে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন। শিক্ষার্থীদের সাফল্য যেমন তাদের পরিবারকে গর্বিত করবে, তেমনি দেশ ও জাতির উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাম্পাসের পরিবেশ নিয়ে উপাচার্য অত্যন্ত কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, কোনো ধরনের হয়রানি বা অসদাচরণের কোনো স্থান নেই। এসব অপসংস্কৃতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিশেষে, নবীন শিক্ষার্থীদের এই নতুন পথচলা সুন্দর, নিরাপদ এবং জ্ঞানগর্ভ হোক—এই শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়।