সাবেক আইজিপি বেনজীরকে ফিরিয়ে আনতে দু-একদিনের মধ্যে আরও নথি পাঠাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তাকে দ্রুত হস্তান্তরের জন্য দু-একদিনের মধ্যেই দুবাই পুলিশের চাহিদামাফিক আরও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। দুপুরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে যেসব নথিপত্র চাওয়া হয়েছিল, আমরা ৩০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে মাত্র তিনদিনের মাথায় সেগুলো পাঠিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে সেখানকার রয়্যাল কোর্ট ও উচ্চ আদালত থেকে বিষয়ভিত্তিক আরও কিছু ব্যাখ্যা ও নতুন তথ্য জানতে চাওয়া হয়েছে। আমরা বর্তমানে সেই জবাবগুলো প্রস্তুত করছি এবং দু-একদিনের মধ্যেই সেগুলো পাঠিয়ে দেওয়া হবে।
”উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেফতার হওয়ার বিষয়টি গত ১৪ জুন প্রথম জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।এর আগে, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন 'ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো' (এনসিবি) আবুধাবির সহায়তায় দুবাই পুলিশ আটক করে। ওইদিনই এক জরুরি ই-মেইল বার্তার মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত সরকার।সরকার আশা করছে, নতুন নথিপত্র জমা দেওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।









