নোয়াখালীতে ১ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ৩ পিস ইয়াবাসহ মো. শাহাদত হোসেন প্রকাশ মনা (৩৫) নামের এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গত ২৫ জুলাই রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আদর্শ অয়েল মিল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে মাদক ব্যবসায়ী শাহাদত হোসেনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শাহাদত হোসেন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার মৃত জয়নাল আবেদীন ও মৃত রহিমা বেগমের ছেলে। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর সারণি ১০(ক) ধারায় আদালতের রায়ে ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। রায় ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গোয়েন্দা তথ্যের নিখুঁত সূত্র ধরে অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নির্মূলে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









