যশোরের শার্শায় আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের শার্শায় আকিজ গ্রুপের একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই ২০২৬) সন্ধ্যায় উপজেলার বাগআচড়া জনসেবা ক্লিনিকের পাশে জোড়া ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আবু সাঈদ শার্শা উপজেলার কোটা উত্তরপাড়া গ্রামের তাহাজ্জতের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাগআচড়া জনসেবা ক্লিনিকের পাশের জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে আকিজ গ্রুপের একটি বেপরোয়া ট্রাক পেছন দিক থেকে আবু সাঈদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এই প্রাণহানির ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ট্রাকটিসহ এর চালককে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।









