রাজশাহী মহানগরজুড়ে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা, আরএমপিকে হস্তান্তর করল রাসিক
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং নাগরিক নিরাপত্তা জোরদারে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে এসব সিসি ক্যামেরা পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের নাগরিকসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির এসব সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্মার্ট নগর গড়ে তুলতে ভবিষ্যতেও আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নতুন এসব সিসি ক্যামেরা প্রিভেনটিভ ও ডিটেকটিভ পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করবে। নগরীর ১৫৫টি গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক নিরাপত্তা আরও জোরদার হবে। এ সহযোগিতার জন্য তিনি রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাসিক সূত্র জানায়, মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে আধুনিক প্রযুক্তিসম্পন্ন এসব সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএমপির পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান।








