যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ ১ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার বেশি মূল্যের ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ সুমন মণ্ডল (৪০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জুলাই ২০২৬) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন মণ্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইসলামিয়া বাজার এলাকার পাগলা এলাকার প্রাণনাথ মণ্ডলের ছেলে।
আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, "স্বর্ণ চোরাচালান এই এলাকায় একটি ব্যাধির আকার ধারণ করেছে। অনেকেই এ ধরনের অবৈধ কাজকে পেশা হিসেবে গ্রহণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে নিজেদের জীবন বিপন্ন করছে। সীমান্তে চোরাচালান ও পাচারকারীদের দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ও কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।









