সন্ত্রাস থেকে মাদক, দেলোয়ারের অপরাধ সাম্রাজ্যে ডিবির হানা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
সন্ত্রাস থেকে মাদক, দেলোয়ারের অপরাধ সাম্রাজ্যে ডিবির হানা

 মো: মিজানুর রহমান (সুমন),  বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও দেলোয়ার বাহিনীর প্রধান মো. দেলোয়ার হোসেন (৩৫) অবশেষে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের জালে ধরা পড়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০ পিস ইয়াবা।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলাদীনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দেলোয়ারকে আটক করে তল্লাশি চালানো হলে তার দেহ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ‘দেলোয়ার বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা রয়েছে, যা তাকে একজন চিহ্নিত অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ডিবি পুলিশের ওসি মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।