সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
সাবেক শিক্ষা উপমন্ত্রী,জাতীয় রাজনীতির পরিচিত মুখ এবং সংগ্রামী নেতা গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
রোববার (২৬ এপ্রিল)ভোরে ফজরের নামাজের কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোলাম সারোয়ার মিলন ছিলেন একজন বহুমাত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব—সাবেক শিক্ষা উপমন্ত্রী (১৯৮৬-৮৭), মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (১৯৮৬-৯০), জেলা পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন । এছাড়া তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা ছিলেন।
রাজনৈতিক জীবনের নানা বাঁক পেরিয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর প্রধান সমন্বয়ক এবং টকশোতেও সক্রিয় ছিলেন তিনি । দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তাঁর সাহসী নেতৃত্ব,স্পষ্টভাষিতা এবং দেশপ্রেমের জন্য।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে বইছে মাতম এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। পরে বাদ আসর পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কবিরাজ বাড়ি মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে ঢাকাস্থ আজিমপুর গোরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে।
তার জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামে।
তার এই অকাল প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গন হারালো একজন অভিজ্ঞ, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।









