মনোহরদীর বিলাগী গ্রামে ইয়াবা ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
মোঃ মাসুদ রানা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বিলাগী গ্রামে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গ্রামের রাজ্জাক মিয়ার বাড়িকে কেন্দ্র করে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কেনাবেচা চলছে এবং এতে এলাকার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, রাজ্জাক মিয়ার বড় ছেলে সবিকুল ইসলাম (সবু) দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও সন্দেহভাজন ব্যক্তিদের ওই বাড়িতে যাতায়াত করতে দেখা যায়। এতে স্থানীয় সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বাড়িটির আশপাশে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়। অনেক সময় উচ্চস্বরে কথাবার্তা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এসব কারণে এলাকার তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা করছেন তারা।
একজন অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। এলাকায় যদি সহজেই মাদক পাওয়া যায়, তাহলে তরুণ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও অজানা কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”
এলাকাবাসীর দাবি, বিলাগী গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় অবিলম্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা জরুরি। তারা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।









