চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট-২০২৬। রোববার (১০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
এবারের টুর্নামেন্টে আয়োজকের দায়িত্ব পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলেদের ৩৪টি এবং মেয়েদের ৯টি দল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, দীর্ঘ বিরতির পর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। অতীতে ছাত্র-শিক্ষক সম্পর্কের টানাপোড়েনসহ নানা কারণে এ আয়োজন বন্ধ ছিল। তিনি বলেন, এবারের টুর্নামেন্ট যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বিভিন্ন বিভাগের শিক্ষক, চাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।








