ভূমি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:৩৭ এএম
ভূমি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

মোঃ ওমর ফারুক সুমন,  লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ভূমি অফিসে হয়রানি, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা বাবুল মিয়া এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে বাবুল মিয়া আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্তে যান এবং তদন্ত প্রতিবেদনও প্রস্তুত করা হয়।

পরবর্তীতে তদন্ত সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি ও ভুল রয়েছে দাবি করে সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, নাজির হিলটন এবং অফিস সহকারী মশিউর রহমান বাবুল মিয়াকে অফিসে ডেকে নেন। এ সময় তারা টাকা ছাড়া ভূমি অফিসে কোনো কাজ হয় না বলে ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, অনেক কষ্টে ১ হাজার ৫০০ টাকা জোগাড় করে সার্ভেয়ার জাহাঙ্গীর আলমকে দিতে বাধ্য হন তিনি। এরপরও দাবি করা ১০ হাজার টাকা দিতে না পারায় বিবাদীপক্ষকে অফিসে ডেকে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা গ্রহণ করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

এছাড়া পরবর্তীতে কাজের অগ্রগতি জানতে ভূমি অফিসে গেলে বাবুল মিয়ার সঙ্গে খারাপ আচরণ করা হয় এবং তাকে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার কর্মকর্তা জি.আর সারোয়ার এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন।”

আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে জেলা প্রশাসক ঢাকায় অবস্থান করায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রাজিব আহসান (উপ-সচিব) বলেন, “ভূমি সেবার জন্য অবৈধভাবে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”