জাবি ছাত্রদলের উদ্যোগে লাইভ বাস ট্রাকিং সিস্টেম উদ্বোধন
জাবি প্রতিবেদক:
শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে বাস লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।
আগামী বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
জানা যায়, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব বাসে এই সিস্টেম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু হলে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এছাড়া বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌঁছাবে তা আগেই জানা যাবে। কোনো কারণে বাস দেরি করলে নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে। এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এবিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, "শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী ৭ মে দুটি বাসে পরীক্ষামূলকভাবে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু হবে। পরীক্ষামূলকভাবে সফল হলে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল বাসে শিক্ষার্থীদের জন্য এই আধুনিক সুবিধাটি পুরোপুরি চালু করবো।"








