চট্টগ্রাম ওয়াসার কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:১৩ পিএম
চট্টগ্রাম ওয়াসার কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা

‎মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:

‎চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর এক কর্মচারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থার গোপন নথি প্রকাশের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

‎অভিযুক্ত কর্মচারী হলেন জনাব মোহাম্মদ মিয়া, যিনি সহকারী অপারেটর (পাম্প) হিসেবে নাসিরাবাদ পানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও বুস্টার শাখায় কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে “চট্টগ্রাম ওয়াসা কর্মচারী চাকরি প্রবিধিমালা, ২০২০” অনুযায়ী মামলা নং-০২/২০২৬, তারিখ ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. দায়ের করা হয়েছে।

‎অভিযোগে বলা হয়, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি “MOHAMMAD MIAH” থেকে চট্টগ্রাম ওয়াসার আনুতোষিক (গ্র্যাচুইটি) বাস্তবায়ন সংক্রান্ত একটি পোস্ট দেন। ওই পোস্টে সংস্থার অনুমোদিত নোটশীট ও অফিস আদেশের কপি শেয়ার করা হয়, যা “সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯”-এর বিধি ১৯ এর পরিপন্থী এবং অগ্রহণযোগ্য আচরণ হিসেবে বিবেচিত। একই সঙ্গে এটি “সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮”-এর ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়।

‎এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাবে তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি ২৪ জানুয়ারি হ্যাক হয়েছিল এবং ২০ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পোস্ট দেওয়ার প্রায় এক মাস পর জিডি করার বিষয়টি কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

‎পরবর্তীতে ১৬ মার্চ ২০২৬ তারিখে পুনরায় ব্যাখ্যা তলব করা হলে তিনি জানান, অসাবধানতার কারণে জিডি করতে দেরি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তার এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি।

‎চট্টগ্রাম ওয়াসার মতে, তার এই কর্মকাণ্ড সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং “কর্মচারী চাকরি প্রবিধিমালা, ২০২০”-এর প্রবিধি ৪৮(খ) অনুযায়ী এটি ‘অসদাচরণ’-এর অন্তর্ভুক্ত।

‎এ প্রেক্ষিতে অভিযুক্ত কর্মচারীকে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে শুনানিতে উপস্থিত হতে চান কিনা, তাও জানাতে বলা হয়েছে।

‎চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ারা বেগম এ সংক্রান্ত অভিযোগনামায় স্বাক্ষর করেছেন।