মলিকিউল থেকে চিকিৎসা—মাভাবিপ্রবিতে আধুনিক কর্মশালা অনুষ্ঠিত
সাব্বির, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (BMB) বিভাগে “Molecules to Medicine: Diagnostics and Quality Assurance for Future Biochemists” শীর্ষক একটি সময়োপযোগী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মে ২০২৬) HEAT Sub-Project (PIN-12327)-এর আওতায় বিভাগের সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে গবেষণা, উদ্ভাবন এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। HEAT প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাবরেটরি সুবিধা ও শিল্পমুখী শিক্ষার পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বারডেম জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ও হেমাটোলজি বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. আব্দুল মোত্তালিব এবং রেনাটা লিমিটেডের কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের ম্যানেজার মো. মাসুদ পারভেজ। তারা মলিকুলার ডায়াগনস্টিকস, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ল্যাবরেটরি কোয়ালিটি কন্ট্রোল, ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ড এবং বায়োকেমিস্টদের জন্য ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করেন।
কর্মশালার কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সিকদার।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, (ASPM) বলেন, বর্তমান যুগে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি শুধুমাত্র একটি একাডেমিক বিষয় নয়; বরং এটি ডায়াগনস্টিকস, রোগ ব্যবস্থাপনা, ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং বায়োটেকনোলজি উদ্ভাবনের অন্যতম ভিত্তি। তাই শিক্ষার্থীদের জন্য মলিকুলার ডায়াগনস্টিকস, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ও ল্যাবরেটরি কোয়ালিটি অ্যাসিওরেন্স বিষয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
কর্মশালাটি HEAT Sub-Project (PIN-12327)-এর মূল প্রতিপাদ্য—“Transforming Biochemistry and Molecular Biology Education through Cutting-Edge Laboratory and Digital Resources to Meet Global Challenges”—এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়।
দিনব্যাপী এ কর্মশালায় বিভাগের শিক্ষক, গবেষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত তথ্যবহুল, সময়োপযোগী এবং ভবিষ্যৎ পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেন।
আয়োজকরা জানান, HEAT প্রকল্পের আওতায় ভবিষ্যতেও শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা, সেমিনার ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।









