শাপলা চত্বরে হত্যাযজ্ঞের বিচারের দাবি ইরানের

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:৩৪ পিএম
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের বিচারের দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ওই রাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙখলা বাহিনী কর্তৃক নিরস্ত্র আলেম-ওলামা, ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর পরিচালিত নৃশংস দমন-পীড়ন মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আজ সোমবার (৫ মে) লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দীর্ঘদিন ধরেই শাপলা চত্বরের ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করা হয়েছে। এখন সময় এসেছে একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার। কারা এ অভিযানের নির্দেশ দিয়েছিল, কতজন মানুষ নিহত, আহত ও নিখোঁজ হয়েছিল এবং কীভাবে অভিযান পরিচালিত হয়েছিল, এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে।

ডা. ইরান বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু শাপলা চত্বরে রাতের আঁধারে যেভাবে অভিযান পরিচালিত হয়েছিল, তা দেশের জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। তিনি দাবি করেন, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও বিরোধী মত দমনের সংস্কৃতি দেশে মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শাপলা চত্বরের ঘটনা সেই দমনমূলক রাজনীতির একটি নির্মম উদাহরণ....

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সত্য গোপন করে ইতিহাসকে চাপা দেওয়া যায় না। জাতির স্বার্থে সত্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করাই হবে একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।

মোস্তাফিজুর রহমান ইরান শাপলা চত্বরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সূত্র- এনটিভি অনলাইন