চট্টগ্রামে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী ‎

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
চট্টগ্রামে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী  ‎

মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:

কয়েক ঘণ্টার টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মুষলধারে বৃষ্টির পর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

‎সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা ১০টার পর শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। পরে ১২টা থেকে ২টা পর্যন্ত টানা ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমতে থাকে। সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা যায় গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়ক পর্যন্ত।

‎দুপুর ১টার দিকে বদনা শাহ মাজার সংলগ্ন এলাকায় কোমর থেকে বুকসমান পানি জমে যায়। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায় যানবাহন ও পথচারীদের। মাজারসংলগ্ন নার্সিং কলেজ সড়কও পানিতে তলিয়ে যায়। সিএসসিআর ও সেবা ডায়াগনস্টিক সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকগুলোতে আসা রোগীরা পানিতে আটকা পড়েন।

‎সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। কয়েকটি অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেল আংশিক পানিতে ডুবে যায়।

‎দেওয়ানহাট এলাকার বাসিন্দা রোকসানা আক্তার বলেন, “এই সড়কে গুরুত্বপূর্ণ হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। অথচ বারবার পানি উঠে। বর্ষার আগে খালগুলো পরিষ্কার রাখা উচিত ছিল।”

‎খোঁজ নিয়ে জানা গেছে, প্রবর্তক মোড় সংলগ্ন হিজড়া খালের পাঁচলাইশ অংশে সংস্কারকাজ চলমান থাকায় সেখানে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে খাল ও সড়ক একাকার হয়ে যায়। একইভাবে কাতালগঞ্জ এলাকায় খালের কালভার্ট সংস্কারের কারণে আংশিক সড়ক বন্ধ থাকায় পানি জমে পরিস্থিতির অবনতি ঘটে।

‎মুরাদপুরের এন মোহাম্মদ অংশেও খালের পানি উপচে মূল সড়কে উঠে আসে, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এছাড়া বহদ্দারহাট, তিন পোলের মাথা, জামালখান, রহমতগঞ্জসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে।

‎চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, খালে অস্থায়ী বাঁধের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ২০ ফুট প্রস্থের খালে মাত্র একটি পাইপ দিয়ে পানি নামানো সম্ভব নয়, বলেন তিনি।

‎দুপুরে জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চলমান প্রকল্পের কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে। “হিজড়া খালের কাজ ১৫ মে’র মধ্যে শেষ করতে পারলে জলাবদ্ধতা অনেকটা কমানো সম্ভব হবে,” বলেন মেয়র।

‎জানা গেছে, সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে হিজড়া, জামালখানসহ কয়েকটি খালের সংস্কারকাজ চলছে, যার কিছু অংশ এখনো অসম্পূর্ণ।

‎এদিকে পতেঙ্গা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর দেশের আট বিভাগেই কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে।

‎অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংশ্লিষ্টরা।

‎বর্ষা মৌসুম সামনে রেখে নগরীতে নালা-খাল পরিষ্কার কার্যক্রম শুরু হলেও চলমান সংস্কারকাজ ও পানি নিষ্কাশনের সীমাবদ্ধতায় জলাবদ্ধতা সমস্যা এখনো প্রকট রয়ে গেছে।