দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম
দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ে যুক্তি তুলে ধরেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এএম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম। 

তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি এবং নৈতিকতা চর্চার সুযোগ সৃষ্টি হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বিতর্ক প্রতিযোগিতার মডারেটর বোরহান উদ্দিনের সঞ্চালনায় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শুকুর আলম আজাদ, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জিগারুন নাহার বক্তব্য রাখেন। 

বিতর্ক প্রতিযোগিতায় কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাফরুহা কাশমী ইভা এবং শ্রেষ্ঠ দলনেতা নির্বাচিত হয় কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা আইনান তাজরিয়ান।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: ফরহাদ মিয়া, বড়ঘোপ ইসলামীয়া দাখিল মাদরাসার প্রভাষক মোজাফফর আহমদ ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা অর্পন মল্লিক। 

প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।