চবিতে তর্ক থেকে হামলা, জুনিয়রের কাঁচির আঘাতে রক্তাক্ত সিনিয়র শিক্ষার্থী
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বকেয়া টাকা পরিশোধকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে কাঁচি দিয়ে এক সিনিয়র শিক্ষার্থীকে আঘাত করার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাজ্জাদ নামের এক শিক্ষার্থী।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে
ভুক্তভোগী শিক্ষার্থী সাজ্জাদ
(শিক্ষাবর্ষ ২০২০–২১) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযুক্ত আবরার জাহিন লাবিব (২০২৩–২৪ শিক্ষাবর্ষ), যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় সহপাঠীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে।
জানা গেছে, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহিন জামানের কাছ থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন লাবিব। তবে ওই মোটরসাইকেলের কিছু টাকা বকেয়া ছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে মাহিন জামান লাবিবের সঙ্গে দেখা করতে গেলে তার সঙ্গে ছিলেন সাজ্জাদ হোসেন।
বকেয়া টাকা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তখন লাবিব কাপড় কাটার কাঁচি দিয়ে সাজ্জাদের ওপর হামলা চালান। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে সাজ্জাদের হাতে আঘাত লাগে।
মাহিন জামান বলেন, বকেয়া টাকা পরিশোধের কথা থাকলেও অভিযুক্তের বন্ধু তাকে ফোনে হুমকি দেন এবং মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
অন্যদিকে, অভিযুক্ত লাবিব দাবি করেন, সিনিয়ররা আগে তাকে আক্রমণ করেছিলেন। আত্মরক্ষার জন্যই তিনি সঙ্গে কাঁচি রেখেছিলেন এবং পরিস্থিতির কারণে সেটি ব্যবহার করেছেন।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট ও নিরাপত্তা কর্মকর্তারা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং রোববার সকাল থেকে তদন্ত কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীকে দুই দিনের জন্য হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে।








