পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা: নারীসহ গ্রেফতার ৫
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকূপায় পুলিশের পোশাক, ব্যাজ ও ওয়াকিটকি ব্যবহার করে ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের নারীসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পুলিশি সরঞ্জাম ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাকিরুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল এই সাড়াশি অভিযান পরিচালনা করে। পূর্ব প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চণ্ডিপুর গ্রামের গোলাম মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক ও সন্ত্রাসী চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো- মোছা. তাসমিম খাতুন (২১), মোছা. জান্নাতুল ফেরদৌস (২০), মো. রিয়াজ বিশ্বাস (২৭), মো. রুবেল হোসেন মোল্লা (৩২) ও মো. আশিক জোয়ার্দ্দার (২৪)। গ্রেফতারকৃতরা সকলেই শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সেসময় তাদের কাছ থেকে পুলিশের মনোগ্রাম সম্বলিত শার্ট, প্যান্ট, বেল্ট, রেইনকোট এবং এসআই (সাব-ইন্সপেক্টর) পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ উদ্ধার করা হয়। এছাড়াও, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত দুটি ‘BAOFENG’ ওয়াকিটকি এবং ১৫০ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।
ঘটনার বিষয়ে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। পুলিশের ছদ্মবেশ ধারণ করে তারা যেমন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করত, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবাধে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিল।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।








