তালাবদ্ধ বাসা থেকে ৩০ কেজি গাঁজা জব্দ

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১২:০৯ পিএম
তালাবদ্ধ বাসা থেকে ৩০ কেজি গাঁজা জব্দ

মো. মেহেদী হাসান, মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় এক শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। পৌরসভার ৫ নং ওয়ার্ডের আরামবাগ এলাকায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে অন্তত ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, আরামবাগ এলাকার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের একটি বাসায় ভাড়া থাকতেন মোহাম্মদ সাজিদুর রহমান মজিদ নামের এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ জানতে পারে যে, ওই বাসায় মাদকের একটি বড় চালান মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ওই বাসায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায় এবং এই বিপুল পরিমাণ অবৈধ গাঁজা জব্দ করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদ পুলিশের উপস্থিতি টের পেয়ে বা আগেই সুকৌশলে পালিয়ে যায়। পলাতক সাজিদুর রহমান মজিদের স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে।

পুলিশের এই বিশাল মাদকবিরোধী অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আল আমিন নাজাত‌। এই সফল অভিযান সম্পর্কে তিনি জানান, "মঠবাড়ীয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় মাদকের চালান। পিরোজপুর ৩ আসনের মাননীয় সাংসদ রুহুল আমিন দুলালের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশনা অনুযায়ী  মঠবাড়িয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে এই বিশাল চালানটি ধরতে আমি পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছি।"

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ৩০ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছি। তবে মূল আসামি সাজিদুর রহমান মজিদ বর্তমানে পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মঠবাড়িয়ায় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই সাহসী পদক্ষেপ ও স্বেচ্ছাসেবক দলের নেতার সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।