যাত্রীবাহী বাস-কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক আটকা, আহত ৩০

প্রকাশিত: ০১ মে ২০২৬, ১০:৫৭ পিএম
যাত্রীবাহী বাস-কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক আটকা, আহত ৩০

নাছির নোমান :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা মাথা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১ মে) সকালে যাত্রীবাহী ‘পূরবী পরিবহন’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দ্রুতগতিতে চলা বাস ও কাভারভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসে থাকা যাত্রীরা কমবেশি আহত হন।

দুর্ঘটনায় কাভারভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়ে যান। খবর পেয়ে স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে দীর্ঘ চেষ্টার পর চালককে উদ্ধার করা হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে ঈদগাঁওর বিভিন্ন স্থানীয় ক্লিনিক ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে।