ইবিতে লালন শাহ হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম
ইবিতে লালন শাহ হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে হলের টিভি কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, হলের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে বলেন, "লালন শাহ হল আমাদের কাছে কেবল একটি আবাসন নয়, এটি একটি পরিবারের মতো ছিল। এখান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ আমাদের আগামীর পাথেয় হয়ে থাকবে।"

প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, তোমাদের বিদায়ের শূন্যতা লালন শাহ হল অনুভব করবে। হলের বিভিন্ন অনুষ্ঠানে তোমরাই ছিলে অগ্রজ। তোমাদের পরবর্তী জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষাজীবনে দুই জায়গায় আনন্দ পাওয়া যায়— এক, ‘ক্লাসরুম’ অন্যটি ‘আবাসিক হল’। নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরির সুযোগ পাওয়া যায় হল লাইফে। যেহেতু এই হলটি ২০ বছর পুরাতন হল, সুতরাং এলামনাই গঠন করা যায়। বিদায় নিয়ে সবাই শিক্ষিত পরিচয় দিবে কিন্তু আমার ছাত্ররা সুশিক্ষিত হবে।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সার্টিফিকেট অর্জন করে জীবনে একটি সাকসেস-এর সিঁড়ি অতিক্রম করেছো, পরবর্তীতে পৃথিবীর সুন্দর করার দায়িত্ব নিতে পারো। ছোটবেলা থেকে তোমাদের মা-বাবা আশ্রয় দিয়ে তৈরি করেছে, তোমরা প্রফেসনাল লাইফে গিয়ে সেই মা-বাবাকে ভুল যাবেন না। কুরআনের বাণী মতে— তাদের সঙ্গে এমন আচরণ করো না, যাতে তারা ‘উফ্’ বলে।

সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে হলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।