২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দুবার শারদীয় দুর্গাপূজা!
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
২০২৮ সালে পঞ্জিকার গণনাভেদে প্রায় ১৫ দিনের ব্যবধানে দুবার শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্য সিদ্ধান্ত—এই দুই পঞ্জিকার তিথি গণনায় পার্থক্যের কারণে একই বছরে দুই সময়ে দুর্গাপূজার আয়োজন করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে সেপ্টেম্বরের শেষ দিকে এবং সূর্য সিদ্ধান্ত অনুসারে অক্টোবরের মাঝামাঝি সময়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, বাংলায় মূলত দুটি পদ্ধতি অনুসরণ করে দুর্গাপূজার তিথি নির্ধারণ করা হয়। এর একটি বিশুদ্ধ সিদ্ধান্ত, অন্যটি সূর্য সিদ্ধান্ত। বিশুদ্ধ সিদ্ধান্তে দৃকসিদ্ধ গণনাপদ্ধতি অনুসরণ করা হয়। অন্যদিকে, সূর্য সিদ্ধান্তে মহাজাগতিক অবস্থানের ভিত্তিতে তিথি ও নক্ষত্রের হিসাব করা হয়। এই দুই পদ্ধতির গণনায় পার্থক্যের কারণেই ২০২৮ সালে পূজার সময়সূচিতে ব্যবধান দেখা দেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মতো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সাধারণত বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে দুর্গাপূজার আয়োজন করে। অন্যদিকে, অনেক বনেদি বাড়ি, বারোয়ারি ও সর্বজনীন পূজামণ্ডপে সূর্য সিদ্ধান্ত অনুসরণ করা হয়।
একই বছরে দুই পঞ্জিকা অনুসারে দুবার দুর্গাপূজা আয়োজনের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ১৯৮০ সালেও দুই সিদ্ধান্ত অনুসারে পৃথক সময়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শাস্ত্রীয় বিধান অনুযায়ী, দুই পদ্ধতিতে পূজার আয়োজনই গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তবে একই বছরে দুবার পূজা অনুষ্ঠিত হলেও সরকারি ছুটি দুবার দেওয়া হবে না। অফিস-আদালত, স্কুল ও কলেজে একবারই ছুটি থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, বারোয়ারি পূজার সময়সূচির সঙ্গে মিল রেখে ছুটি নির্ধারণ করা হবে।
এমকে/বিএম২৪









