‎ঈদকে সামনে রেখে নরসিংদীতে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:২৭ পিএম
‎ঈদকে সামনে রেখে নরসিংদীতে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১

‎মোঃ মাসুদ রানা‎, নরসিংদী প্রতিনিধি:

‎নরসিংদীর মনোহরদীতে ঈদুল আযহাকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জালনোট চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় মূল হোতা দেলোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে রাতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প এবং র‍্যাব-০৪ সদর কোম্পানি, ঢাকার সদস্যরা যৌথভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার সৈয়দেরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ দেলোয়ার হোসেনের বসতঘরে জাল টাকা তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়া যায়।

‎এসময় র‍্যাব সদস্যরা জাল টাকা তৈরির মেশিন, বিপুল পরিমাণ জাল নোট ও বিভিন্ন সরঞ্জামসহ দেলোয়ার হোসেনকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

‎অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে— ১৬০টি টাকা ছাপানো পাতা, ৫০ টাকার ৩৬০টি জাল নোট, একটি GPSON প্রিন্টার, একটি ২৪ ইঞ্চি এলইডি মনিটর, একটি লেমিনেটিং মেশিন, একটি CPU, তিনটি পুরাতন মোবাইল ফোন, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সাতটি কেমিক্যালের কৌটা, ১৩টি কাঠের ফ্রেম, বিভিন্ন ধরনের রং এবং নিরাপত্তা সুতা।

‎র‍্যাব আরও জানায়, আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মনোহরদী থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(এ) ধারা এবং দণ্ডবিধির ৪৮৯(ক), ৪৮৯(খ), ৪৮৯(গ) ও ৪৮৯(ঘ) ধারায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

‎আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে জালনোট চক্র যেন বাজারে সক্রিয় হতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।