শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
আতিকুজ্জামান, (শার্শা) যশোর প্রতিনিধি:
- যশোরের শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শণ মেলা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। পরে শার্শা উপজেলা কমপ্লেক্স ভবন অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতি ও কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল এবং কৃষি খাতে নতুন উদ্ভাবন তুলে ধরেন আলোচকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।








