‎ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে সংবাদ সম্মেলন,‌ দেশীয় প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:৩৭ পিএম
‎ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে সংবাদ সম্মেলন,‌ দেশীয় প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান

মোহাম্মদ ইব্রাহিম,  চট্টগ্রাম প্রতিনিধি:  

প্রযুক্তিনির্ভর ও টেকসই বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বজায় রাখতে এবং বিভিন্ন অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধানে দক্ষ প্রকৌশলীদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।

‎আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে বৃহস্পতিবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‎কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইইবি’র বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রকৌশলীদের পেশাগত নানা দাবিদাওয়া তুলে ধরা হয়।

‎প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, অতীতে প্রকৌশলীরা নানা সীমাবদ্ধতা ও বৈষম্যের মধ্যে কাজ করেছেন। অনেক ক্ষেত্রে যোগ্যতা ও মেধার যথাযথ মূল্যায়ন হয়নি। ফলে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগে বঞ্চনার শিকার হয়েছেন বহু দক্ষ প্রকৌশলী।

‎তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট, গ্যাস ও পানির স্বল্পতা, জলাবদ্ধতা, যানজট, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, সড়ক ও রেল যোগাযোগ, বিমান পরিবহন, সেতু, টানেলসহ নানা অবকাঠামোগত খাতে বহুমাত্রিক সমস্যা বিদ্যমান। এসব সমস্যার কার্যকর সমাধানে প্রকৌশলীদের নেতৃত্ব ও অংশগ্রহণ অপরিহার্য।

‎টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে বিদেশি বিশেষজ্ঞের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় মেধাবী প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন ও নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, আইইবি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত নীতিমালা প্রণয়ন, গবেষণা ও উদ্ভাবনে সহায়তা, ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন এবং নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ট্রেড কোর্স পরিচালনা করছে সংগঠনটি।

‎প্রকৌশলীদের পক্ষ থেকে সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রকৌশলী পদে প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করা, পদোন্নতি ও পদায়নে স্বচ্ছতা আনা, বিভিন্ন প্রকৌশল সংস্থাকে বিসিএস কাঠামোর আওতায় আনা, বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকরি নীতিমালা প্রণয়ন, প্রকল্প পরিচালক হিসেবে প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়া এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা জলাবদ্ধতা, পাহাড় ধস, নগর উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তোলেন এবং প্রকৌশলীদের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

‎এদিকে, ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, বৃক্ষরোপণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা।

‎আয়োজকরা জানান, এসব কর্মসূচির মাধ্যমে প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।