৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাইয়ের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের স্মৃতিচারণ করবেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।
জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন ৬ আগস্ট থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এমকে/বিডিমেইল২৪









