বাংলাদেশ-মালয়েশিয়া অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বৈঠক
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রস্তাবিত বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইসলামী অর্থায়ন, অর্থপাচার প্রতিরোধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া মালয়েশিয়া থেকে দেশে ফিরে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের দেশটির ব্যাংকে থাকা আমানত উত্তোলন সহজ করা, হালাল শিল্পে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল খাজানাহর সঙ্গে সহযোগিতার বিষয়ও আলোচনায় আসে। বাংলাদেশের প্রস্তাবিত ফান্ডে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগের সম্ভাবনাও গুরুত্ব পায়।
উভয় পক্ষ দুই দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিকভাবে লাভজনক উদ্যোগের মাধ্যমে অর্থায়ন, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান। একই সঙ্গে আলোচনায় উঠে আসা ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
এমকে/বিএম২৪









