প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে শেষ প্রস্তুতি

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে শেষ প্রস্তুতি

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি




প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯ আগস্ট চট্টগ্রাম সফরকে সামনে রেখে প্রস্তুতি প্রায় শেষ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সফর নির্বিঘ্ন ও সুন্দর করতে নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকায় পরিদর্শন করে কাজের অগ্রগতি তদারকি করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।


গত এক সপ্তাহে সিডিএর আওতাধীন বিভিন্ন প্রকল্প এলাকা একাধিকবার সরেজমিনে পরিদর্শন করেন চেয়ারম্যান। এ সময় অসম্পন্ন কাজ দ্রুত শেষ করা, সড়ক ও স্থাপনায় রং, সৌন্দর্যবর্ধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।


প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিডিএর চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজও জোরদার করা হয়েছে। বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চলমান কাজ, রং ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম পরিদর্শন করে অগ্রগতি তদারকি করেন সিডিএ চেয়ারম্যান।


সিডিএ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দৃশ্যমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত শেষ করা হচ্ছে। পাশাপাশি অসম্পন্ন কাজগুলোও দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামকে সবুজ, নান্দনিক, টেকসই ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্যেই কাজ চলছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সিডিএর পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।


তিনি জানান, সৌন্দর্যবর্ধনের সামান্য কিছু কাজ বাকি রয়েছে। সেগুলোও রাতের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর সফল ও সুন্দর করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।


সিডিএ চেয়ারম্যান আরও বলেন, সফরকে কেন্দ্র করে সাময়িক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি ও গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত, নান্দনিক ও টেকসই চট্টগ্রাম গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।



এমকে/বিএম২৪