সাংবাদিকের ওপর হামলা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম পার, এখনো ধরাছোঁয়ার বাইরে আসামিরা
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ইব্রাহীম হোসেন সম্রাট ও ক্যামেরাম্যান আবিরের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, আসামিরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তারে সময় লাগছে। তবে তাদের অবস্থান শনাক্তে নিয়মিত অভিযান ও অনুসন্ধান চালানো হচ্ছে।
পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তবে বিষয়টি সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় আসামিরা সতর্ক হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে যেতে পারেন। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরও বর্তমানে শনাক্ত বা ট্রেস করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, “সাংবাদিকের গায়ে যারা হামলা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
সাংবাদিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ও মানববন্ধন প্রসঙ্গে গাজিউর রহমান বলেন, কর্মসূচিতে যাওয়ার আগে পুলিশকে জানালে আরও দ্রুত সহযোগিতা করা সম্ভব হতো। তিনি বলেন, “আপনারা শাহমখদুমের ডিসিকে জানাতে পারতেন, আমাকে ব্যক্তিগতভাবে জানাতে পারতেন—দেখতেন আমি কী ব্যবস্থা নিতাম।”
পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের আশ্বস্ত করে বলা হয়েছে, হামলার ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় নয়। কোনো আসামির অবস্থান সম্পর্কে তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।
এদিকে সাংবাদিক নেতারা বলছেন, প্রায় ১০টি সাংবাদিক সংগঠন হামলার প্রতিবাদে একত্র হয়ে ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিল। সময়সীমা পেরিয়ে গেলেও গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
তাদের দাবি, আসামিরা আত্মগোপনে থাকলে প্রযুক্তিগত অনুসন্ধান, সম্ভাব্য অবস্থানে অভিযান ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
শাহমখদুম থানায় করা মামলাটি বর্তমানে তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয়, তদন্ত কত দ্রুত এগোয় এবং হামলার ঘটনায় অভিযুক্তদের কত দ্রুত আইনের আওতায় আনা যায়।
এমকে/বিএম২৪









