১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গুলশানের ক্রাউন প্লাজা ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকেরা জানান, মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টি বুথে অংশ নেবে। এতে হোটেল, রিসোর্ট, এয়ারলাইনস, ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন অংশগ্রহণ করবে।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ভ্রমণ প্যাকেজ, পর্যটন পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি বিশেষ ছাড়ের সুযোগ থাকবে। শীত মৌসুমকে সামনে রেখে দর্শনার্থীরা বিভিন্ন ভ্রমণ প্যাকেজ বুকিংও দিতে পারবেন।
মেলার উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। এ ছাড়া বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা এবং নেটওয়ার্কিং সেশনের আয়োজন থাকবে।
শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের জন্য ‘স্কিল প্যাভিলিয়ন’ রাখা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিভাগের শিক্ষার্থীরা মেলা পরিদর্শনের মাধ্যমে শিল্পসংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জন ও অ্যাসাইনমেন্ট করার সুযোগ পাবেন। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে পর্যটনবিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, মেলার মাধ্যমে দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো, পর্যটন পণ্যের প্রচার এবং বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। এবারের আয়োজনে বাংলাদেশের হাওর, সুন্দরবন, নৌ পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম ও পরিবেশ পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে আন্তর্জাতিক পর্যায়ের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ দেশ-বিদেশে তুলে ধরা সম্ভব হবে।
আয়োজকদের তথ্যমতে, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ‘ঢাকা ট্যুরিজম ফেয়ার’ নামে চারটি মেলা আয়োজন করা হয়। এরপর ২০১১ সাল থেকে ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ নামে এ আয়োজন হয়ে আসছে।
আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় মেলার উদ্বোধন হবে। ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে থাইল্যান্ড, ফিলিপাইন ও মালদ্বীপ।
মেলায় দর্শনার্থীদের প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের মাধ্যমে র্যাফেল ড্রতে অংশ নেওয়া যাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, র্যাফেল ড্রতে এয়ার টিকিটসহ দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন পুরস্কার ও গিফট ভাউচার থাকবে।









