হাসনাত আব্দুল্লাহর বার্তা: ‘জনগণকে সঙ্গে নিয়েই গড়তে চাই নতুন বাংলাদেশ’
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “দেশের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন শুরু করেছি। কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণেই গড়ে উঠবে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা।”
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা এনসিপির উদ্যোগে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণআন্দোলন গড়ে তুলেছে, তার চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। নতুন প্রজন্মের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য, নিপীড়ন কিংবা স্বৈরাচারের স্থান থাকবে না।”
তিনি বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক শক্তি হলেও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে। “আমরা তরুণ। আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে। ভুল হলে জনগণ তা ধরিয়ে দেবেন। জনগণের পরামর্শ নিয়েই আমরা দেশ পরিচালনার বিকল্প রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।”
তিনি দাবি করেন, বর্তমানে জাতীয় সংসদে এনসিপির ছয়জন সদস্য জনগণের পক্ষে কথা বলছেন। ভবিষ্যতে জনগণের আস্থা অর্জন করে আরও বৃহৎ পরিসরে সংসদে প্রতিনিধিত্ব করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন নেওয়া হয়েছে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের রায়কে সম্মান জানানো উচিত।”
পথসভায় তিনি চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইশতিয়াক হোসেন জামিকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার জন্য সমর্থন কামনা করেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম (কাকা মিয়া)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহামুদা মিতুসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
অনুষ্ঠান শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি বর্ণাঢ্য জুলাই পদযাত্রা চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।









